ফেনীতে সিগন্যাল অমান্য করে রেলপথে সিএনজিচালিত অটোরিকশা উঠে গেলে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। গত শনিবার রাত পৌনে ৮টার দিকে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার যাত্রী হাফেজুল ইসলাম (৪০) ও তার মা ফাতেমাতুজ্জোহরা (৬৩)। নিহতদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলা পাঠান নগর ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের কারণে একটি অটোরিকশা রেললাইনের ওপর আটকে পড়ে। ট্রেন ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে ফাতেমাতুজ্জোহরাকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নজরুল করিম নামে নিহতদের এক স্বজন বলেন, ‘অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে ফেনী থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।’
ফেনী রেলস্টেশনে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে পুলিশের এসআই ইকবাল হোসেন বলেন, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।
