শাটডাউন প্রত্যাহারে সচল বেনাপোল বন্দর, জমজমাট আমদানি-রপ্তানি

আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:০৮ পিএম

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর আবারও গতিশীল হয়ে উঠেছে বেনাপোল স্থলবন্দর। আজ সোমবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি এবং পণ্য খালাস পুরোদমে শুরু হয়। কর্মসূচি প্রত্যাহারের খবরে বন্দর এলাকায় ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। কাজে ফিরেছেন প্রায় চার হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিক।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যানজট ও পণ্যজট দ্রুত নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানিয়েছেন, কর্মসূচি প্রত্যাহারের পর শুল্কায়ন ও পণ্য ডেলিভারির কাজ পুনরায় শুরু হয়েছে। দুই দিনের ক্ষতি পুষিয়ে নিতে কাস্টমস কর্মকর্তাদের অতিরিক্ত সময় কাজ করতে বলা হয়েছে।

বন্দর সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির অংশ হিসেবে ২৮ ও ২৯ জুন বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এতে উভয় দেশের বন্দরের দুই পাশে প্রায় দুই হাজার পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। 

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানিয়েছেন, রবিবার রাতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর সোমবার সকাল থেকেই বন্দরের কার্যক্রম শুরু হয়।

এই দুই দিনের কর্মবিরতিতে সরকার প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত