ভারতের তেলেঙ্গানায় ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩৯ জনের প্রাণহানি হয়েছে। সোমবার সকালে হায়দরাবাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাঙ্গারেড্ডি জেলার সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওষুধ কারখানায় এ বিস্ফোরণ ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কারখানার মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ (এমসিসি) ড্রাইং ইউনিটে বিস্ফোরণে বহু মানুষ মারা যান, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যেরা।
এদিকে বিস্ফোরণের পর সরঞ্জাম ও কাঠামোর ক্ষতির কারণ দেখিয়ে সিগাচি সোমবার থেকে ৯০ দিনের জন্য প্ল্যান্টের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় কারকানায় ১৪০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। জেলা প্রশাসনের কর্মকর্তা পি প্রবীণ্য জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৫ জনের পরিচয় এখনও জানা যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধের সামগ্রী তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না-হলে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয়।
জানা গেছে, বিস্ফোরণে কারখানাটির ছাদ উড়ে গিয়েছিল। সেখানে সেই সময় কাজ করা অনেক শ্রমিকের দেহ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে।
ঘটনার পর পরই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি জানান, নিহতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে।
