বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মারা গেছে। সোমবার (১ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে।
নিহত দুই শিশু হলো- সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ ও রাসেল হোসেনের ছেলে ইয়াসিন। দুজনই ছিল সমবয়সী ও ভালো বন্ধু।
স্থানীয়রা জানান, দুপুরে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ পুকুরে পড়ে যায় জুনায়েদ। প্রিয় বন্ধুকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় ইয়াসিনও। কিন্তু দুজনই ঘটনাক্রমে মারা যায়।
অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পুকুরেই পাওয়া যায় নিথর দুই শিশুকে। বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
হাসপাতালের আরএমও ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
