আগামী তিন বছরে ৫ লাখ কর্মী নেবে ইতালি

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০২:১০ এএম

শ্রমবাজারের ঘাটতি পূরণে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অন্তত ৫ লাখ নতুন কর্মী নিয়োগ দেবে ইতালি। সোমবার (৩০ জুন) দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে এই তথ্য বলা হয়েছে।

মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর মোট এক লাখ ৬৪ হাজার ৮৫০ জন কর্মীকে নিয়োগ দেবে দেশটি।

২০২৮ সালের মধ্যে এই সংখ্যাটিকে চার লাখ ৯৭ হাজার ৫৫০ জনে উন্নীত করা হবে। 

দেশটির সরকার ইতোমধ্যেই ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে সাড়ে চার লাখেরও বেশি বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন কর্মীদের নিয়োগের যেমন সিদ্ধান্ত নিয়েছে ইতালি তেমনি অনিয়মিত অভিবাসন ইস্যুতেও বেশ কঠোর অবস্থানে রয়েছে জর্জিয়া মেলোনির সরকার।

মন্ত্রিসভার বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সামাজিক অংশীদারদের চাহিদা এবং পূর্ববর্তী বছরগুলোতে জমা হওয়া ওয়ার্ক পারমিটের প্রকৃত আবেদনগুলো বিবেচনা করে কোটা নির্ধারণ করা হয়েছিল। এই কর্মসূচির লক্ষ্য হলো ব্যবসার চাহিদা পূরণ করা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া।’

বয়স্ক জনসংখ্যা এবং জন্মহার হ্রাস পাওয়ার কারণে ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে বিদেশি কর্মীদের চাহিদা তীব্র হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত