এক সপ্তাহ পার হলেও কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নিপীড়নের শিকার ওই নারীর হয়নি মেডিকেল টেস্ট হয়নি। এই কয়দিন মামলা চালাতে না চাইলেও এখন পারিবারিক সিদ্ধান্তে আইনি লড়াই চালিয়ে যেতে চান ওই ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেন তিনি। এরপর পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই সময় ভুক্তভোগী মত বদলানোয় তার পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গত মঙ্গলবার থেকে তিনি ও তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের বাড়িতে দেখা যায়নি। পুলিশ বলছে, ঘটনার পর প্রতিদিনই তাদের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ভিড় করছেন। সাক্ষাৎকার দিতে দিতে তার জীবন ‘দুর্বিষহ’ হয়ে উঠেছে। এমন ‘বিব্রতকর’ পরিস্থিতিতে তিনি বাড়ি ছেড়ে গেছেন।
অন্যদিকে ওই নারীকে নির্যাতন ও বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজনরা সবাই এলাকা থেকে পালিয়েছে। সেই নারী মামলা চালিয়ে যাবেন এ খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্ক আরও বেড়েছে। নতুন করে কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় চার আসামি মোহাম্মদ আলী সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক বর্তমানে জেল হাজতে রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে নির্যাতনের শিকার হন ওই নারী। পরদিন শুক্রবার ধর্ষণের অভিযোগে মামলা হয়। নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় পরে আরেকটি মামলা করা হয়। এ ঘটনায় ফজর আলী এবং ভিডিও ধারণকারী ও ছাত্রলীগ নেতা মুহাম্মদ আলী সুমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কিছুদিন ধরেই ভুক্তভোগী মামলা চালাতে অনীহা প্রকাশ করছিলেন। তিনি শান্তি চান বলে জানিয়েছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, প্রতিদিনই গণমাধ্যমকর্মীদের ভিড়, নিয়ম না মেনে ভিডিও প্রকাশ এবং ভুক্তভোগীর চেহারা প্রকাশের কারণে তারা মানসিক চাপে আছেন। এজন্যই পরিবারটি সরে গেছে। মামলার তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, আমরা মামলার এজাহার অনুযায়ী তদন্ত করছি। আরও কিছু ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুরাদনগরে থেকেই কুইক রেসপন্স টিমের আনুষ্ঠানিক ঘোষণা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের ঘটনায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ মুরাদনগর সফর করেছেন। গতকাল বুধবার বিকেলে সফরে এসে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে মোবাইলফোনে নির্যাতনের শিকার ওই নারীর খোঁজ-খবর নেন। একই সঙ্গে সরকার নির্যাতনের শিকার ওই নারীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।
পরে সন্ধ্যায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলার কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা।
শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, যানবাহনে, চলাচলের পথে এবং গৃহে নির্যাতন ও হয়রানি রোধে এবং নারী ও শিশুদের দ্রুততম সময়ে উদ্ধার, আইনি সহায়তা ও সাপোর্ট দেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে মুরাদনগর থেকেই আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা কুইক রেসপন্স টিম গঠনের ঘোষণা প্রদান করেন, যা মুরাদনগর থেকেই কুইক রেসপন্স টিম এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো।
