সবজি কাটা বটি ঘাড়ের ওপর পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৬:২৩ পিএম

ঝিনাইদহের মহিলা কলেজ পাড়া এলাকায় সবজি কাটা বটি ঘাড়ের ওপর পড়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইম শহরের সমবায় ব্যাংক মার্কেটের সততা প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে। তাদের গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে।

স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে মা বটিটি রান্না ঘরের র‌্যাকের ওপর রেখে দেন। পরে শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র‌্যাকের ওপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সেসময় বটিটি সাইমের ঘাড়ের ওপর পড়ে মারাত্মক জখম হয়।  পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় তার মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত