সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না  এনসিপি : নাহিদ

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:২০ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নীল বিদ্রোহ, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, এবং ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাসের সঙ্গে জড়িত উত্তরাঞ্চলের নীলফামারী। এ কারণে এনসিপি উত্তরাঞ্চলের রংপুর থেকে পদযাত্রা শুরু করেছে। বিদ্রোহের এই উত্তরাঞ্চল থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের সেøাগান তুলেছি। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পদযাত্রার তৃতীয় দিনের পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি নীলফামারীর জুলাই যোদ্ধা শহীদ রুবেল হোসেনের বাবা রফিকুল ইসলামের হাত ধরে বক্তব্য রাখেন। আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে বিশাল জনসভার মাধ্যমে এনসিপি তাদের ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশ করবে বলেও এ সময় জানান নাহিদ।

নাহিদ বলেন, ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে। পুরনো মুজিববাদী সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। যতক্ষণ তার বিচার না হবে, ততক্ষণ দেশের মানুষ শান্ত থাকবে না।’

নাহিদ ইসলাম বলেন, ‘রংপুরের কৃষকপুত্র আবু সাঈদ, নীলফামারীর সপ্তম শ্রেণির ছাত্র রুবেল ইসলাম এবং সৈয়দপুরের মেধাবী শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের আত্মত্যাগ গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে। তাদের ইতিহাস বুকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।’

জুলাই গণঅভ্যুত্থানের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় হতাশা প্রকাশ করে নাহিদ বলেন, ‘আমরা এখনো বৈষম্যহীন বাংলাদেশ ও প্রতিশ্রুত সংস্কার দেখতে পাইনি। চাঁদাবাজি ও দুর্নীতি আগের মতোই চলছে। সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না।’ তিনি জোর দিয়ে বলেন, ‘গণঅভ্যুত্থান শুধু সরকার পতনের জন্য নয়, গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য ছিল।’

জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে টালবাহানার সমালোচনা করে নাহিদ বলেন, ‘যারা মনে করেন রাজপথের লাখো মানুষ ঘরে ফিরে গেছে, তারা ভুল ভাবছেন। আমরা বাংলার প্রতিটি পথে-প্রান্তরে যাব এবং ছাত্র-জনতাকে আবারও রাজপথে নামার আহ্বান জানাব।’

পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সায়েদ লিওন। উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতীখানা কবরস্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দোয়া পরিচালনা করেন সাজ্জাদের বাবা আলমগীর হোসেন। এনসিপি নেতারা সাজ্জাদের পরিবারের সঙ্গে কথা বলেন। শহীদ সাজ্জাদ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পশ্চিম পাটোয়ারী পাড়ার আলমগীর হোসেন ও সাহিদা বেগমের ছেলে। তিনি ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি একটি পোশাক কারখানায় কাজ করতেন। পরে এনসিপি নেতারা সৈয়দপুরের উর্দুভাষী ক্যাম্পের বাসিন্দাদের খোঁজখবর নেন। সৈয়দপুরের পাঁচমাথা থেকে পদযাত্রা শুরু করে শুঁটকির মোড়ে পথসভা করেন। এ সময় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন নেতারা। পথসভা শেষে তারা পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত