জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধাশিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে ১০টি পোস্টার এঁকেছেন। এই ১০টি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।
গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানানো হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তার ফেসবুকে এ ধরনের পোস্ট দিয়েছেন।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্টার উল্লেখ করে লেখা হয়েছে, প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে (গতকাল) জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই মাস জুড়ে আন্দোলন হয়। ছাত্র-জনতার এ অভ্যুত্থানকে জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে ১ জুলাই থেকে। এর নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এ কর্মসূচির উদ্বোধন করেছেন। জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি চালু করেছে।
ঘোষিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা, জুলাই ক্যালেন্ডার এবং জুলাই হত্যাকা-ের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর, ভিডিও শেয়ারিং, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেস অব জুলাই’সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শো ইত্যাদি।
