চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়া বিমানটি প্রায় দুই ঘণ্টা পর সরিয়ে নেওয়া হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা পর সচল হয়েছে রানওয়ে।
শনিবার (৫ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। এর আগে সকাল সোয়া ৯টায় বিমানটি রানওয়েতে আটকা পড়ে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় সৌদি আরবের মদিনা থেকে ছেড়ে আসে প্রায় ৪০০ হজযাত্রীবাহী বিমানটি। পরে শনিবার সকাল সোয়া ৯টায় বিমান অবতরণের পর ইউটার্ন নেওয়ার সময় রানওয়ের মাঝপথে আটকে যায়। এতে প্রায় দুইঘণ্টা যাবৎ বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে ছিল। পরে বিমানবন্দরের কর্মীরা যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সরিয়ে নেয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৩৮ সকাল সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটি দ্রুত রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
