মজুদ করা ৯০০ সিলিন্ডার গ্যাস উদ্ধার করল সেনাবাহিনী, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে দোকানের পেছনে মজুদকৃত ৯০০ সিলিন্ডার এলপিজি গ্যাস উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার সকালে সেনাবাহিনীর ১৯ বীর, পুলিশ ও প্রশাসন জেলার লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের ঘোরদৌড় বাজার এলাকার মেসার্স শেখ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে সমুদয় গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরান মেসার্স শেখ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ব্যবসায়ী রুহুল আমিন দীপুকে (৫৪) জরিমানা করেন। তিনি এলাকার জব্বার শেখের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান জানান, আইন অনুযায়ী একজন দোকানী সর্বোচ্চ ৫০০ কেজি বা ৪০ বোতল এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখতে পারবেন। কিন্তু ব্যবসায়ী ১০ হাজার ৮০০ কেজি অর্থাৎ ৯০০ বোতল সিলিন্ডার তার দোকানের পেছনে মানুষের বসবাসস্থল লোকালয়ের মধ্যে পারপাশে টিনের প্রাচীর দিয়ে কৌশলে মজুদ করে রাখেন। সেখানে কোনও ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তার চেয়েও ভয়ংকর ব্যাপার হচ্ছে যেখানে এগুলো মজুদ করে রাখা ছিল তার পাশে একটি ওয়েল্ডিংয়ের দোকান ছিল। কোনোভাবে যদি দুর্ঘটনা ঘটতো তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার আইনে আদালত পরিচালনা করে ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত ৯০০ বোতল গ্যসভর্তি সিলিন্ডারের মধ্য থেকে ৪০টি তার কাছে রেখে বাকিগুলো কোম্পানিতে কাছে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত