ভুল করে বিমানে বাজল ফায়ার এলার্ম, আতঙ্কে লাফিয়ে আহত ১৮

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম

বিমান ভুয়া ফায়ার এলার্ম বাজার পর আতঙ্কে লাফিয়ে পড়ে অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে।

শুক্রবার সন্ধ্যায় ম্যানচেস্টারগামী রায়ানএয়ারের বিমানটিতে উড্ডয়নের ঠিক আগ মূহুর্তে ভুল করে বেজে উঠে আগুন লাগার এলার্ম। এতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জীবন বাঁচাতে লাফিয়ে পড়েন অনেকে। আর তাতেই অন্তত ১৮ জন আহত হয় বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে আয়ারল্যান্ডভিত্তিক বিমান সংস্থাটি।

রায়ানএয়ারের বিবৃতিতে বলা হয়, ‘যাত্রীদের ইনফ্লেটেবল স্লাইড (ফোলানো র‌্যাম্প) ব্যবহার করে নামিয়ে টার্মিনালে ফিরিয়ে আনা হয়। বিমানে কোনো ধরনের আগুন লাগার ঘটনা ঘটেনি।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘নামার সময় অল্প কিছু যাত্রী সামান্য আঘাত পান, যেমন গোড়ালির মচকানো ইত্যাদি। তাদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।’

যাত্রীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষ দ্রুত একটি বিকল্প বিমান ব্যবস্থা করে। বিমানটি স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৫ মিনিটে পালমা থেকে উড্ডয়ন করে।

স্থানীয় গণমাধ্যম মার্কো জানায়, এই ঘটনার ফলে মোট ১৮ জন সামান্য আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।

স্পেনের রাষ্ট্রায়ত্ত বিমানবন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনা জানিয়েছে, ‘গত রাতে পালমা দে মায়োর্কা বিমানবন্দরে রায়ানএয়ারের একটি বিমানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত