জ্বালানি উপদেষ্টা বললেন

পক্ষপাতিত্ব করলে নুরুল হুদার মতো পরিণতি হতে পারে

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:১৬ এএম

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কাকে ভোট দেবেন আপনিই জানেন। আমরা কেউ জানি না। সবচেয়ে বড় অনিশ্চয়তা, সেটা হচ্ছে যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর। গত ১৬ বছর তারা ভোট দিতে পারেননি। তারা কাকে ভোট দেবে আপনি আমি কেউ জানি না। এই জন্যই মেহেরবানী করে বলি, কে জিতবে না জিতবে এটা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের কাজ না। যেই জিতুক তার সঙ্গেই আমাদের কাজ করতে হবে। কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না।

গতকাল শনিবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা বলেন, যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ। এটা একটা কঠিন দায়িত্ব। এটা জাতির জন্য কঠিন অগ্নিপরীক্ষা। এটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। যদি না হয় তাহলে নূরুল হুদার যে পরিণতি হয়েছে, আগের ডিসি-এসপিদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি হবে।

সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

এ আলোচনা সভার প্রধান অতিথি মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, যারা জেলা প্রশাসক ছিলেন, বিখ্যাত লাইলাতুল ইলেকশনে রাতের ভোটে যারা ছিলেন, তাদের প্রত্যেককেই অপসারণ করা হয়েছে।

এবারে নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন তারা নূরুল হুদার কথা চিন্তা করবেন। যারা ২০১৮ সালে রাতের ইলেকশন করে মনে করেছিলেন যে, আমরা তো পার পেয়েছি। অতিরিক্ত সচিব হয়ে গেছেন, নানা রকম সুবিধা পেয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি আরও বলেন, এবারের নির্বাচন ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশন নির্ধারণ করবে।

এ সভায় পুলিশ প্রশাসন, নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও  রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত