আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবগঠিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এলআরএফ কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘হাইকোর্টের যে ব্যাপক ক্ষমতা, ‘হাইকোর্ট যে দেশের সবকিছুতে ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করতে পারেন তা ল’ রিপোর্টাস ফোরামের মাধ্যমে সারাদেশ জানতে পারছে। নিউজগুলো যখন ব্যাপক প্রচার হচ্ছে সে সময়ে বিচারকরাও অনুপ্রাণিত হন। বিচারকেরাও খবরের শিরোনাম হয়ে অবদান রাখতে চান।’
তিনি আরও বলেন, ‘ল’ রিপোর্টাস ফোরাম সুপ্রিম কোর্ট ও আইনাঙ্গনকে এমনভাবে তুলে ধরছে যাতে এই অঙ্গনে কেউ দুর্নীতি করতে চাইলেও চিন্তা করে। আবার ভাল কাজ করতে অনুপ্রাণিত হয়।’
গত ২৭ জুন ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওইদিন ২০২৫-২০২৬ সালের কমিটিতে সভাপতি হিসেবে হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মিশন নির্বাচিত হন। কমিটিতে সহসভাপতি পদে আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ওয়াকিল আহমেদ হিরন, বিকাশ নারায়ণ দত্ত, হাবিবুর রহমান ও ফজলুল হক মৃধা নির্বাচিত হন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘এই অঙ্গনের বিষয়বস্তু, নিয়ম-কানুন বুঝতে হয়। ফলে অন্য অঙ্গনের রিপোর্টারদের চেয়ে আপনাদের অবস্থানটা ভিন্ন। যার প্রতিফলন আপনাদের রিপোর্টিংয়ে উঠে এসেছে। আশাকরি ভবিষ্যতেও আপনারা এর ধারাবাহিকতা ধরে রাখবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, শেখ আলী আহমেদ খোকন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটির সদস্য সচিব গাজী তৌহিদুর রহমান, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম মিঠু প্রমুখ।
