সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৯ বারের মতো পিছিয়েছে। গতকাল মঙ্গলবার মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান আগামী ১১ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
হত্যাকাণ্ডের ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম রোমান। বিভিন্ন সময়ে এ মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। আসামিদের কেউ এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। শেরেবাংলা নগর থানা-পুলিশ, ডিবি ও র্যাবের পর মামলাটি এখন তদন্ত করছে পিবিআই। গত বছরের ৩০ সেপ্টেম্বর সাগর- রুনি হত্যা মামলার তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার তদন্ত থেকে র্যাবকে সরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। পাশাপাশি ছয় মাসের মধ্যে তদন্ত করে মামলার প্রতিবেদন দিতে নির্দেশ দেয় আদালত। পরে ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। গত ২২ এপ্রিল হাইকোর্ট মামলার তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেয়।
