সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (১৫ জুলাই) বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।
নগরীর জমিয়তুল ফালাহ মাঠে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, আজ দেশে যে মব কালচারের সৃষ্টি করছেন, তা হলো পলাতক, ফ্যাসিস্ট হাসিনার মব সন্ত্রাসের ধারাবাহিকতা। বিএনপি একটি বহুমতে বিশ্বাসী রাজনৈতিক দল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রূপকার। আমরা কোন অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করিনা এবং প্রশ্রয়ও দিইনা। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধৈর্য্য ধরতে, সংযম ধরতে। তাই আমরা অত্যন্ত ধৈর্য্য ও সংযমের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আগামীতে যদি শিষ্টাচারবহির্ভূত কোন কর্মকাণ্ড দেখি তাহলে চট্টগ্রাম থেকে প্রতিরোধ গড়ে তুলবো।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপিও জিয়া পরিবারকে ধ্বংস করার অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্র চলমান রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। সূর্যের আলো অনেকের অপছন্দ হলেও তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। দেশনায়ক তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সূর্য। তাকে রুখে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ব্যতীত কারোও নেই। তারেক রহমান এর নেতৃত্বেই আগামীর ভবিষ্যত বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে।
নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে ষোলশহর দুই নম্বর গেট এসে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল. রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর. কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, ইফতেখার উদ্দিন নিবলু, তাজুল ইসলাম নয়ন প্রমুখ।
