জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে ঘিরে গতকাল বুধবার গোপালগঞ্জে দিনভর উত্তেজনা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যায় জেলায় ২২ ঘণ্টার কারফিউ জারি করে প্রশাসন, যা রাত ৮টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
কারফিউ চলাকালে গতকাল বুধবার রাতে যৌথবাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হলেও এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি মির মো. সাজেদুর রহমান।
জেলার সর্বত্রই এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত রাজপথ ছিল জনমানবহীন। কেবল কিছু রিকশা চলাচল করতে দেখা গেলেও অন্য যানবাহন একেবারেই অনুপস্থিত। ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ, এবং কেউ-ই একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হননি।
ভোর থেকে শহরের রাস্তা-ঘাট, হাট-বাজারে জনসাধারণের উপস্থিতি নেই বললেই চলে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গোপালগঞ্জ জেলা কারাগারের সামনেও রয়েছে কড়া নিরাপত্তা।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে চারজন নিহত হন, গুলিবিদ্ধ হন অন্তত ৯ জন, আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।
নিহতদের মধ্যে রয়েছেন—জেলা শহরের উদয়ন রোডের যুবলীগ সদস্য দীপ্ত সাহা (২৫), থানাপাড়ার বাসিন্দা রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়া এলাকার ইমন তালুকদার (১৮) ও টুঙ্গিপাড়া উপজেলার সোহেল মোল্যা।
সভা শেষে শহর ছাড়ার সময় এনসিপির গাড়িবহরে হামলার পর তা রূপ নেয় দিনভর সংঘর্ষে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পুলিশেরও সংঘর্ষ হয়। এতে গোপালগঞ্জ শহর পরিণত হয় এক প্রকার রণক্ষেত্রে।
বিকেল ৫টার দিকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—নেতারা একটি সাঁজোয়া যান (এপিসি)-এ উঠছেন। পরে তারা খুলনা শহরে গিয়ে সার্কিট হাউস ও একটি হোটেলে অবস্থান নেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানান, ‘বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।’
ছিনতাইকারীদের হামলায় আহত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তদন্তে নেমেছে পুলিশ
এনসিপি ট্রল ইস্যুতে ছাত্র-জনতার ঘেরাও, দিনাজপুরে এএসপি প্রত্যাহার