চট্টগ্রাম নালা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৫:১২ পিএম

চট্টগ্রাম নগরের একটি নালা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে টাইগারপাস মোড়ের সিএনজি স্টেশনসংলগ্ন নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে খুলশী থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা মাদকজনিত কারণে তার মৃত্যু হয়েছে এবং অসাবধানতাবশত তিনি নালায় পড়ে যান। এছাড়া পানির স্রোতের টানে মরদেহটি সেখানে এসে আটকে যেতে পারে।

খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে।’

ঘটনার বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত