খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ জনের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৫:৫৭ পিএম

খুলনায় বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনের মধ্যে একজনের শুক্রবার রাতে এবং অপরজনের গত শনিবার রাতে মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ডুমুরিয়ার উপজেলার থুকড়া গ্রামে ঘটে।

মৃত দুইজন হলেন, ডুমুরিয়ার উপজেলার থুকড়া গ্রামের রেজওয়ান গাজীর ছেলে রবিউল গাজী (৩৮) ও একই গ্রামের জামির সরদারের ছেলে রাসেল সরদার (২৯)। এর আগে গত শুক্রবার রাতে নগরীর বয়রা শেরের মোড় এলাকায় বিষাক্ত মদ পান করে ৫ জনের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার সন্ধ্যায় থুকড়া বাজারে কয়েকজন স্পিড জাতীয় অ্যালকোহল পান করে। এতে রবিউল গাজী ও রাসেল সরদার অসুস্থ হয়ে পড়ে। প্রথমে রবিউল গাজীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, একই রাতে রাসেল সরদার অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খুলনা থেকে কয়েকজন মদ কিনে এনে যার যার বাড়িতে পান করে। বিষাক্ত থাকায় ঐ মদ পান করে তারা অসুস্থ হয়ে পড়ে। তবে মদ খেয়ে ওই দুজন মারা গেলেও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। উল্টো তারা মদপানের কথা লুকানোর চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত