কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০২:৩৬ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জামায়াত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।’

গতকাল রবিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দামলা এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, জামায়াতের যেসব দাবি, সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামাত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত