হাইকোর্টের বিচারপতি নিয়োগ: শুধু ৫৩ জনের সাক্ষাৎকারে আইনি নোটিশ

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের লক্ষ্যে ৩০০ জনের মধ্যে শুধু ৫৩ জনের সাক্ষাৎকার নেওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মাহদী জামান বনি ও  মশিউর রহমান এই নোটিশ পাঠান।

নোটিশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে বিবাদী করা হয়েছে। নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে বিচারপতি নিয়োগে সকল আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনগত প্রতিকার পেতে আদালতের দারস্থ হবেন বলে জানান নোটিশদাতা আইনজীবীদ্বয়। 

নোটিশে বলা হয়েছে, গণ বিজ্ঞপ্তির শর্ত পূরণ করে ৩০০ জনের বেশি আবেদন করলেও কেবলমাত্র ৫৩ জনের সাক্ষাৎকার নেওয়া বৈষম্যমূলক। অন্যদের সাক্ষাৎকারের জন্য না ডাকা সংবিধানে উল্লেখিত সমতা  ও সমান সুযোগের বিধানের সাথে সংঘর্ষিক। 

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর  গেজেট প্রকাশ করে সরকার। এর আলোকে প্রধান বিচারপতিকে চেয়ারম্যান করে ৭ জনকে নিয়ে গঠিত হয় ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।’ এরপর গত ২৮ মে গণবিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টে বিচারপতি হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা জানান ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে ৫০ জনের বেশি প্রার্থীকে বাছাই করে গত শুক্রবার মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার নেয় সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। এর মাধ্যমে উচ্চ আদালতে বিচারক হতে ইচ্ছুক প্রার্থীরা প্রথমবারের মতো সাক্ষাৎকারে অংশ নেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত