নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে নারী নিহত

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:১৫ এএম

নরসিংদীর রায়পুরা উপজেলার সায়েদাবাদ গ্রামে দুই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ আরও ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গতকাল সোমবার ভোর ৫টা থেকে শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ বলছে, নিহত নারী মোমেনা বেগম (৪৫), রায়পুরার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। গুলিবিদ্ধ পাঁচজন আহত হলেন নাজিমুদ্দিন (৪৫), সিয়াম মিয়া (১৬), মো. রানা (২০), মো. মাহিন (২০) ও তাজুল ইসলাম (২০)। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়ায় তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের নিয়ন্ত্রণ নিয়ে বালুরচর ও সায়েদাবাদ গ্রামের মধ্যে গত ৩০ বছর ধরে বিরোধ চলছে। বর্তমানে বাজারটি সায়েদাবাদের হানিফ মিয়ার পক্ষের লোকজনের নিয়ন্ত্রণে।

অন্যদিকে, বালুরচরের এরশাদ মিয়ার নেতৃত্বে গ্রামবাসী বাজারে নিয়মিত যাতায়াতের চেষ্টা করেন, কিন্তু হানিফের পক্ষ এতে বাধা দেয়। এ নিয়ে দুই গ্রামের লোকজন প্রায়ই আগ্নেয়াস্ত্র, টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সকাল ৮টা পর্যন্ত বালুরচর গ্রামের বিভিন্ন বয়সের মানুষ এরশাদ মিয়ার নেতৃত্বে আগ্নেয়াস্ত্র, টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সায়েদাবাদে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নারী, শিশুসহ অনেকে আহত হন। স্থানীয়রা আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে নিয়ে যান। মোমেনা বেগম সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোমেনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হানিফ মিয়ার পক্ষের উত্তেজিত লোকজন আগ্নেয়াস্ত্র, টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বালুরচরে পাল্টা হামলা চালায়। এর আগেই বালুরচরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান।

হামলাকারীরা অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিকেল ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, বুকে ও হাতে গুলিবিদ্ধ মোমেনা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এএনএম মিজানুর রহমান বলেন, সায়েদাবাদ থেকে আসা দুজন গুলিবিদ্ধ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস্) জানান, সকালে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং পরিস্থিতি এখন স্বাভাবিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত