ফরিদপুরে হামলায় ১০ শ্রমিক আহত, বাস চলাচল বন্ধ

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:১৬ এএম

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে হামলায় ১০ থেকে ১৫ শ্রমিক আহত হয়েছেন। হামলার পর বিক্ষুব্ধ শ্রমিকরা ফরিদপুর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় শ্রমিকরা জানান, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) একটি পক্ষ গত ১৭ জুলাই ইয়াসিন মোল্লাকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ইউনিয়নের কমিটি ঘোষণা করে। এর বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন। মানববন্ধন শুরু হওয়ামাত্র ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঁঠা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুর ১২টার দিকে ফরিদপুর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন। তারা হামলাকারীদের বিচারের দাবিতে বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেন। একপর্যায়ে তারা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের অফিসে তালা মেরে দেন।

মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, আওয়ামী লীগের কতিপয় দোসর গত কয়েক দিন যাবত বাসস্ট্যান্ড দখলের পাঁয়তারা চালাচ্ছিল। আওয়ামী লীগের শ্রমিক নেতা নাজমুল হোসেন তারা মোল্লার নেতৃত্বে কিছু সন্ত্রাসী বাসস্ট্যা›ড দখল করতে এলে সাধারণ শ্রমিকরা তাদের প্রতিহত করে।

অন্যপক্ষের নেতা নাজমুল হোসেন তারা অভিযোগ করেন, ‘মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ ভোটার তালিকা থেকে বেশকিছু ভোটারকে বাদ দেয়। বিগত দিনে যারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে চলছিল তারা এখন বিএনপি সেজে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করছেন। এরই প্রতিবাদে আমরা যখন মানববন্ধন করতে যাই, তখনই ইয়াছিন মোল্লার নেতৃত্বে লাঠিসোঁঠা নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত