আট দফা দাবিতে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে চতুর্থ দিনের মতো এ কর্মসূচি পালন করেন। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুরের দিকে কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সামনে শাটডাউন কর্মসূচি পালন করা হয়। এর আগে গত রবিবার প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে কলেজের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, ‘আমরা আট দফা দাবিতে কলেজের প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছি। আট দফা দাবি না মানা না পর্যন্ত আন্দোলন চলবে। এখানে সবকিছুর আধুনিক সুবিধা থাকলেও জনবল সংকট রয়েছে। জনবল না থাকায় ল্যাবের যন্ত্রপাতি ও মেশিন নষ্ট হয়ে যাচ্ছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান, ল্যাবের জন্য পর্যাপ্ত লোকবল নিয়োগ, ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি, তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান, সেমিস্টার ও রিটেক ফি কমানো, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা ও ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে।
