শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৭:৩০ এএম

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম, যেখানে গত বছর ছিল ৯৭তম। অর্থাৎ, বাংলাদেশি পাসপোর্টের ভ্রমণ সুবিধা কিছুটা বেড়েছে।

এ তালিকায় ভারতের অবস্থান ৭৭ ও পাকিস্তানের অবস্থান ৯৬। প্রথম স্থানে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। চতুর্থ স্থানে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। পঞ্চম স্থানে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড। ষষ্ঠ স্থানে যুক্তরাজ্য। সপ্তম স্থানে অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড। অষ্টম স্থানে কানাডা, এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

নবম স্থানে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া। দশম স্থানে আইসল্যান্ড, লিথুনিয়া ও যুক্তরাষ্ট্র।

সূচক অনুযায়ী, এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত এই পাসপোর্ট ইনডেক্সটি বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এতে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করা হয়েছে।

এই সূচক অনুযায়ী, পাসপোর্টের বৈশ্বিক শক্তিমত্তায় বাংলাদেশ এখনো পিছিয়ে থাকলেও ধাপে ধাপে অগ্রগতি হচ্ছে, যা ভ্রমণ ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য ইতিবাচক ইঙ্গিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত