বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা যে লড়াই শুরু করেছিলাম, সে লড়াই শেষ হয়নি। আমাদের এ যুদ্ধ মুজিববাদ ও ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে। আমরা আকাক্সিক্ষত বাংলাদেশ পাইনি। এলাকায় এলাকায় দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও শুরু হচ্ছে। মুজিববাদকে পুনর্বাসন করা হচ্ছে। চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসছে। আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যে একতা ও সংহতি তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। তার মানে এই নয় যে, আমরা চাঁদাবাজি রাজনীতিকে প্রশ্রয় দেব। আমরা বলেছিলাম, প্রত্যেক নাগরিকের মানবাধিকার থাকবে। কোনো সন্ত্রাসীকেও বিচারবহির্ভূতভাবে হত্যা করা হবে না। ভিন্নমতের অধিকারী হলেও তার মানবাধিকারের পক্ষে থাকব।
হবিগঞ্জের স্বাস্থ্য, কর্মসংস্থান ও অন্যান্য সমস্যা তুলে ধরে তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না। এনসিপির লড়াই শুধু বাংলাদেশব্যাপী নয়। এটি দক্ষিণ এশিয়াব্যাপী। সীমান্তে হত্যা ও ভারতের মুসলমানদের বাংলাদেশি বলে পুশইনের প্রতিবাদ করে তিনি আরও বলেন, হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্র বছরের পর বছর ধরে এ কাজ করে যাচ্ছে। আমরা দক্ষিণ এশিয়ার সব মুসলিম ও সব নিপীড়িত ও নির্যাতিত মানুষের ঐক্য গড়ে তুলব।
বিকেল সাড়ে ৩টায় এনসিপি নেতারা হবিগঞ্জ সার্কিট হাউজে পৌঁছান। বিকেল ৫টায় তারা সার্কিট হাউজ থেকে স্থানীয় নেতাদের নিয়ে পদযাত্রা শুরু করেন। পরে সাইফুর রহমান টাউন হলের সামনে সমাবেশে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের হবিগঞ্জের প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক। এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পদযাত্রা প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল। বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব নাসীরুদ্দীন পাটওয়ারী।
