খুলনায় ট্রেনে কাটা পড়ে নাঈমুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে নগরীর মানিকতলা সেনপাড়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈমুল ইসলাম নগরীর মহেশ্বরপাশা এলাকার তোতা ইসলামের ছেলে।
রেলওয়ে দৌলতপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. আজাদ রহমান ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে বৃষ্টির সময় নাঈম ইসলাম মানিকতলা সেনপাড়া রেলক্রসিং পার হয়ে মেইন রোডের দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি ট্রেনের সঙ্গে নাঈম ইসলামর ধাক্কা লাগে। এতে ট্রেনের নিচে পড়ে ডান হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেসে কাটা পড়ে দিন মজুর নাঈম ইসলামের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
