মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। রবিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার জামশা ইউনিয়নের গোলাই মাটিকাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের ভাষ্য, নিহত ব্যক্তি দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে গোলাইডাঙা, বাস্তা, গোলাই ও মাটিকাটা গ্রাম এলাকায় বস্রহীন অবস্থায় পথের পাশেই ঘুরে বেড়াতেন। তাঁর আচরণ ছিল পাগলপ্রায়, আর রাত যাপন করতেন কখনও সড়কের ধারে, কখনওবা যেখানে-সেখানে। রবিবার ভোরে কোনো এক সময় অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
