বঙ্গোপসাগরে ট্রলারডুবি

বাঁশখালীর দুই জেলে ৪ দিন ধরে নিখোঁজ

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ও চাম্বল এলাকার দুই জেলে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা ১০ জেলের মধ্যে ৮ জন ফিরে এলেও মো. জহির মিয়া (৩৮) ও মো. মেহেদি (২১) নামের দুই জেলের এখনো কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) রাতে ১০ জেলের একটি দল বাঁশখালীর চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জেটিঘাট থেকে আবুল কাশেম নামে ট্রলার মালিকের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। গভীর রাতে কুতুবদিয়া চ্যানেল অতিক্রমকালে একটি বড় জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা সবাই সাগরে পড়ে যান। পরে ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ২ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজদের মধ্যে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে মো. জহির মিয়া (৩৮) ও চাম্বল ইউনিয়নের জলেয়া বাপের বাড়ির কামাল মাঝির ছেলে মো. মেহেদি (২১) রয়েছেন। নিখোঁজ জহির মিয়া ৯ মাসের চুক্তিতে জেলে হিসেবে কাজ করছিলেন। তার স্ত্রী ও ৫ সন্তানসহ পরিবারে ৮ জন সদস্য রয়েছে।

বাংলাবাজার বোট মালিক সমিতির সভাপতি হেফাজ উদ্দিন চৌধুরী বলেন, ‘গভীর সমুদ্রে কুতুবদিয়া চ্যানেল এলাকায় একটি বড় জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে দু’জন জেলে নিখোঁজ হন।’

স্থানীয় লোকজন, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালালেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে কোস্টগার্ড পূর্ব জোনের কুতুবদিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত বলেন, ‘ঘটনার ব্যাপারে আমাদের কেউ অবহিত করেনি। তবে এখন থেকে আমরা অনুসন্ধান কার্যক্রম শুরু করেছি।’

নিখোঁজদের স্বজনেরা দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত