মাদকের টাকার জন্য বাকবিতণ্ডার জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম

বরিশালের উজিরপুরে টাকার জন্য বাকবিতণ্ডার জেরে ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বাবা। নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ জুলাই) দুপুরে উজিরপুর উপজেলার পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে।

নিহত বৃদ্ধের নাম মো. শাহ আলম খান (৬৫)। তিনি পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলে মো. শাহরিয়ার শিমুল (৩৫), যিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

 এবং পারিবারিক কলহে জড়িত ছিলেন—তাকে স্থানীয়রা ঘটনাস্থলেই ধরে গাছের সঙ্গে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত শিমুল প্রায়ই মাদকের টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করতেন। রবিবার সকাল ১১টার দিকে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। পরে দুপুর দেড়টার দিকে শাহ আলম খান মসজিদে যাওয়ার সময় শিমুল হামলা চালায়।

ছুরিকাঘাত করা হয় গলার নিচ থেকে বুক পর্যন্ত, এমনকি ছুরিটি গলায় আটকে যায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থলেই ধরে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেয়।

উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, রবিবার দুপুরে নামাজ আদায়ের জন্য শাহ আলম খান মসজিদে যাচ্ছিলেন। পথে মো. শাহারিয়ার শিমুল তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত