বগুড়ায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ টাকা লুট

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১০:১৫ পিএম

বগুড়ার শেরপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ (ডেভিলস ব্রেথ) ব্যবহার করে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২৭ জুলাই) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভবানিপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ইউসুফ আলী (৪২), তার স্ত্রী শাপলা বেগম (৩৮) তার বড় মেয়ে উম্মে রুম্মান তার নাতি (উম্মে রুম্মানের ছেলে) ১৫ দিন বয়সী নবজাতক রাইয়ান চেতনানাশকের প্রভাবে অচেতন হয়ে পড়েন। জামায়াত নেতা ইউসুফ আলী ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রী কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক।

ইউসুফ আলীর ভাগ্নে ফিরোজ আহমেদ জানান, গতরাতে এশার নামাজের পর রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ‘শয়তানের নিঃশ্বাস’ (ডেভিলস ব্রেথ) ব্যবহার করে ইউসুফ আলী, তার স্ত্রী ও বড় মেয়েকে চেতনানাশক প্রয়োগ করে। এরপর, তারা বাড়িতে থাকা ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা ও ৪টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। এ সময় তারা ৪টি মেবাইলের সিম ফেলে গেছে। 

সকালে আলীর বাড়িতে নিস্তব্ধতা দেখে এক আত্মীয়র সন্দেহ হয়। ভেতরে ঢুকে তিনি পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে, স্থানীয়দের সহায়তায় তাদেরকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ইউসুফ আলীর স্ত্রী শাপলা বেগম (৩৮) তার বড় মেয়ে উম্মে রুম্মানের জ্ঞান ফিরলেও ইউসুফ আলী ও তার ১৫ দিন বয়সী নাতির অবস্থা গুরুতর হওয়ায় নবজাতকটিকে বগুড়া মিশন হাসপাতালে পাঠানো হয়। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইউসুফ আলীর এখনও জ্ঞান ফেরেনি তবে, নবজাতক রাইয়ানের জ্ঞান ফেরায় তাকে বাড়িতে আনা হয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন ইউসুফ আলীর ছেলে তানজিল সরকার।

বগুড়ার (শেরপুর-ধুনট) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন জানান, ‘পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। তিনি আশাবাদী, খুব শিগগিরই অপরাধীরা আইনের আওতায় আসবে।’

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির রহস্য উদঘাটনে কাজ চলছে। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত