ফরিদপুরে নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় রতন শেখ (৪২) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকার মদনখালী ডকইয়ার্ডসংলগ্ন পদ্মা নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
রতন শেখ অম্বিকাপুর ইউনিয়নের চুনাঘাটা বেড়িবাঁধ এলাকার ওসমান বিশ্বাসের ডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং নওয়াব আলী শেখের ছেলে। রতন শেখ ছাগল কেনাবেচা করতেন।
তার স্ত্রী শিখা বেগম জানান, তার স্বামীকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে ডেকে নিয়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শনিবার সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন রতন শেখ। এরপর আর বাড়ি ফিরে না আশায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর শনিবার সকালে নিহতের স্ত্রী কোতোয়ালি থানায় জিডি করেন। পরে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে শহরের টেপাখোলা সিঅ্যান্ডবি ঘাট এলাকায় নদীতে মরদেহটি পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।
