ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা ফেটে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দুপুরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় এই ঘটনা ঘটে।

নিহতের নাম রুম্মান আহমদ (২৩)। তিনি বিমানবন্দরে আউটসোর্সিং এর আওতায় টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। নিহত রুম্মান বিমানবন্দর থানার সাহেব বাজার লুসাইন গ্রামের আবদুল কাদিরের ছেলে।

আহত অপর টেকনিশিয়ান এনামুল ইসলাম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরসূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের চাকা মেরামত করছিলেন। হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয়ে রুম্মান ও এনামুল আহত হন। দ্রুত তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত রুম্মানকে আইসিইউতে ভর্তির প্রয়োজনীয়তার কথা জানান চিকিৎসকরা। কিন্তু ওই সময় ওসমানী হাসপাতালে আইসিইউ সিট খালি না থাকায় রুম্মানকে পার্শ্ববর্তী রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর বিকাল সাড়ে ৩টার দিকে রুম্মান মারা যান।

রুম্মানের চাচা আবদুল কাইয়ুম জানান, রুম্মানকে রাগীব-রাবেয়া মেডিকেলে নেওয়ার পরও আইসিইউতে ভর্তি করতে আরও ১৫-২০ মিনিটি দেরি হয়। এর কিছুক্ষণ পরই রুম্মান মারা যান। রুম্মান কলেজে পড়াশোনা করতেন। এর পাশাপাশি খণ্ডকালীন চাকরি হিসেবে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন।       

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘ঘটনাটি অবশ্যই দুঃখজনক। এতে একজন কর্মী নিহত ও আরেকজন আহত হয়েছেন। বিমান বা বিমানবন্দরের আর কোনো ক্ষতি হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত