মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৩ রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে একে একে সুস্থ হয়ে বাসায় ফিরেছে মোট আটজন। গতকাল বৃহস্পতিবার দুপুরের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩২ জন ভর্তি ছিল। এদের মধ্যে শারীরিক উন্নতি হওয়ায় দুপুরে তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা পরে চিকিৎসার জন্য আবার আসবে। এই চিকিৎসক আরও জানান, এই ঘটনায় বুধবার পর্যন্ত দুজন আইসিইউতে ছিল। তাদের মধ্যে একজনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। নাভিদ নেওয়াজ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছে। যার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
গতকাল যারা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তারা হলো তাসনুবা (১১), জাকির (৫৫) ও শ্রেয়া (৯)। গত বুধবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারজানা ইয়াসমিন (৪৫)। এর আগে দুই দফায় আরও চারজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন। এ ছাড়া গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই ৩ দিনে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও জানান ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
