জুলাইয়ে ছিল ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৬:১৭ এএম

এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী ও মৃত্যু ছিল গত মাস জুলাইয়ে। সে মাসে মোট রোগী ভর্তি হয়েছে ১০ হাজার ৬৮৪ জন ও মারা গেছে ৪১ জন। অর্থাৎ দৈনিক গড় রোগী ছিল ৩৩৫ জন। সে হিসেবে বছরের দ্বিতীয় সর্বোচ্চ মাস জুনের চেয়ে জুলাইয়ে রোগী ছিল প্রায় দ্বিগুণ।

একইভাবে বছরের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর মাস জুনের চেয়ে জুলাইয়ে মৃত্যু ছিল দ্বিগুণের বেশি। জুনে মারা যায় ১৯ জন ও জুলাইয়ে ৪১ জন।

এমন অবস্থার মধ্য দিয়েই গতকাল বৃহস্পতিবার শেষ হলো ডেঙ্গুর সর্বোচ্চ প্রাদুর্ভাবের মাস জুলাই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত), অর্থাৎ মাসের শেষ দিন ডেঙ্গুতে আরও দুইজন মারা গেছে। তাদের মধ্যে একজন ১৩ বছরের ছেলে। সে চট্টগ্রামের সীতাকু- জেনারেল হাসপাতাল ভর্তি ছিল। এসেছিল চট্টগ্রামের ফকিরহাট সীতাকু- থেকে। মারা যাওয়া অন্যজন ১৮ বছরের এক কিশোরী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ও কেরানীগঞ্জের বাসিন্দা।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় গত মাসে ৪১ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন ও জুনে ১৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মাসের শেষদিন গতকাল বৃহস্পতিবার নতুন করে আরও ২৭৮ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৬ শতাংশই বা ৭২ জন ছিল বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৩ জন, ঢাকা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে চার জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন এবং রংপুর বিভাগে পাঁচ জন রোগী ভর্তি হয়।

গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি রোগীর ৪২ শতাংশই ছিল দুই জেলায়। এর মধ্যে রাজধানীতে ৬৩ জন বা ২৩ শতাংশ ও বরগুনায় ৫২ জন বা ১৯ শতাংশ রোগী ভর্তি হয়।

এ বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৮০ জনে। তাদের মধ্যে সর্বোচ্চ রোগী ছিল গত মাসে ১০ হাজার ৬৮৪ জন। এর আগে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ জন হাসপাতালে ভর্তি হয়।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৬২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৯২১ জন ভর্তি আছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয় ও মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত