জামালপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান লাকপতিসহ (৪২) আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠায় বকশিগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ মশিউর রহমান লাকপতি বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বরখাস্ত হওয়া চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, তিনি ওই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নাদের শেখের ছেলে, মো. মমিনুল ইসলাম (যুদ্ধ) (৫৪) বাট্টাজোড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দত্তেরচর দক্ষিণ বাট্টাজোড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে, মো. আব্দুল মোতালেব (৬৯) ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত বাদশা আলীর ছেলে, মির্জা সোহাগ রানা (৩২) উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বকশীগঞ্জ পৌর শহরের চরিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, বকশীগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত একটি নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ প্রসঙ্গে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, নাশকতা মামলায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪ আ.লীগ নেতাকে শুক্রবার দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।
