বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিস্টের সহযোগীরা প্রশাসনে লুকিয়ে আছে, যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই চব্বিশের গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে জামায়াতের উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের অধিকাংশ এখনো গ্রেপ্তার হয়নি। আওয়ামী ফ্যাসিস্টের সহযোগীরা প্রশাসনে লুকিয়ে আছে, যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জুলাই সনদ ঘোষণার পাশাপাশি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য। জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহানুভূতির সংস্কৃতি গড়ে তুলতে হবে।’
জামায়াতের সেক্রেটারি বলেন, ‘দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না।’
