মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:২৯ এএম

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পাথর মেরে হত্যার ঘটনায় করা মামলায় আরও দুজন আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. রুমান ব্যাপারী (৩২) ও মো. আবির হোসেন (২৮)। গতকাল শনিবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রুমান ও আবিরকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হলো। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৯ জুলাই বুধবার বিকেল আনুমানিক ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায়। ওই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে পুলিশ ১০ জন ও র‌্যাব দুই আসামিকে গ্রেপ্তার করেছিল। রুমান ও আবিরসহ এ ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হলো। এদের মধ্যে ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত