পদ্মা নদীর তীব্র স্রোতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এটি ধসে পড়ে।
এ ছাড়া ঘাটের আরেকটি জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় লঞ্চ ঘাটটি সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ এ নৌপথে প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহন পারাপার হন। জেটি ধসে পড়ায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ তৈরি হয়। এ অবস্থায় ঘণ্টাখানেক পর লঞ্চ ঘাট প্রায় আধা কিলোমিটার পশ্চিম দিকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রতি বছর বর্ষা মৌসুমে এ সমস্যা দেখা দেয়। চলতি বছরও আগাম প্রস্তুতির অভাবে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে পাটুরিয়া ঘাট।
বিআইডব্লিউটিএ আরিচা নদীবন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ দেশ রূপান্তরকে জানান, ঘটনাটি জানার পরপরই আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে লঞ্চঘাটটি অস্থায়ীভাবে রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে বর্ষাকাল হওয়ায় তাৎক্ষণিক মেরামত সম্ভব নয়। ধসে যাওয়া জেটিগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে এবং বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে স্থায়ীভাবে মেরামত করে পুনঃব্যবহারযোগ্য করা হবে।
