ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে তাদের সংগ্রামের প্রশংসা করেছে ইইউ। ইইউ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, এক বছর আগে, সমাজের সব স্তরের বাংলাদেশিরা তাদের অধিকার আদায়ের জন্য এবং অধিকতর ন্যায্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে রাস্তায় নেমেছিল। আজ আমরা তাদের সাহস ও সহনশীলতাকে সম্মান জানাচ্ছি, যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করছি ও আহতদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
বিবৃতিতে আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ইইউ সমন্বিত ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ শাসন ও মানবাধিকার সংস্কার বাস্তবায়নে সব পক্ষকে গঠনমূলক সংলাপে অংশ নিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের ওপর নির্ভর করতে পারে।’
