গোয়ালন্দে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:২১ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের মামলায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উজানচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার শেখ ফারুকের ছেলে ফয়সাল শেখ (২২), গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর এলাকার চান মিয়ার ছেলে রাকিব (২১) এবং একই উপজেলার গনি শেখের পাড়ার কালিম উদ্দিনের ছেলে সজীব মোল্লা (২৪)। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে উজানচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ওই তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, এক তরুণী গত ৫ আগস্ট জমিদার ব্রিজ হয়ে বাসযোগে গোধূলি পার্কে যায়। কিছুক্ষণের মধ্যে ফয়সাল সেখানে যায়। ওই সময় রাকিব, সজীব মোল্যাসহ অন্যরা আশপাশে ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যার পর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নিয়ে গিয়ে তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় শুক্রবার মামলা হয়েছে। মামলার পর ওই তিন আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত