বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ এএম

গাজীপুর মহানগরীর কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী রাকিব হাসান (২২)। তিনি বগুড়া জেলার লতিফপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।

গত শুক্রবার রাতে মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকায় ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত জেমি (১৯) দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরি গোলা গ্রামে মৃত জাহিদুল ইসলামের মেয়ে।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, স্ত্রী জেমির  মৃত্যু নিশ্চিত করে রাকিব নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই রাকিব তার স্ত্রীকে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার স্ত্রী জেমি পরকিয়ায় আসক্ত ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত