মাদারীপুর শিবচরে জাতীয় নাগরিক পার্টির শিবচর উপজেলা কমিটির চারজন সদস্য পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বিকেলে শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন।
এ সময় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন, কাজী রফিক একসঙ্গে পদত্যাগ করেন।
এ সময় তারা বলেন, আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশের কল্যাণ এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এ সংগঠনে যোগ দিয়েছিলাম। পরে এই কমিটি রাজনৈতিক সংগঠন ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামে পরিচিতি লাভ করলে, আমরা স্বয়ংক্রিয়ভাবে ওই দলে অন্তর্ভুক্ত হয়ে যাই।
দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে, শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে, যারা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য। এর ফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। কোটা আন্দোলনসহ বিভিন্ন সময়ের গণআন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। যদিও রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা সীমিত, তবুও দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দলে যুক্ত হয়েছিলাম। কিন্তু বর্তমান দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। রাজনৈতিক কর্মকা- পরিচালনা ও যোগাযোগ রক্ষার প্রয়োজনে পারিবারিক সম্পর্কে টানাপড়েনও সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে, দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তাভাবনার পর আমরা সজ্ঞানে ও সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক পাটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই।
আমাদের দ্বারা যদি কোনো অনিচ্ছাকৃত ভুল-ত্রুটি হয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী। শিবচরবাসীর কাছেও আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমাদের কর্মকা-ে যদি কারও মনে আঘাত লেগে থাকে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃতÑ দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
