যশোর-খুলনা মহাসড়কের হাটবিলা এলাকায় একটি ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফল বিক্রেতা শুকুর আলী নিহত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় নওয়াপাড়া শাহ মামুনের বালুর ডিপোর একটি ডাম্প ট্রাক যশোর থেকে নওয়াপাড়া যাওয়ার পথে বেপরোয়া গতিতে চলছিল, তখন এই দুর্ঘটনা ঘটে।
শুকুর আলী সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটির হেডলাইট নষ্ট ছিল এবং গাড়ি চালাচ্ছিল হেলপার। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটির পিছনে ধাওয়া করে তা আটক করে। কিন্তু চালক ও হেলপার পালিয়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
