সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৭:২৯ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। কোনো ধৈর্য নেই আমাদের। সমাজের অবক্ষয় হয়েছে। আগে যেকোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করতেন, প্রতিহত করতেন। এখন বিপদে পাশের কোনো মানুষও এগিয়ে আসেন না, প্রতিবাদ করেন না। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকসহ কাঠগড়ায় দাঁড়াবেন। ছাত্র-আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার করে দিলে তাদের পুরস্কৃত করা হবে।’

গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনায় মানুষ এগিয়ে আসছেন না, পুলিশ ভয় পাচ্ছে। কেউ ভোটকেন্দ্রে হামলা করলে নির্বাচন সুষ্ঠু কীভাবে করবেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, পুলিশ ভয় পাচ্ছে না। মানুষ এগিয়ে আসছেন না। এজন্য আমরা পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (ভোটকেন্দ্রে) রাখছি। তা ছাড়া মোবাইল ফোর্সগুলোর মোবিলিটি বেড়ে গেছে। আগে যে জায়গায় পৌঁছাতে পারত না, এখন সেই জায়গায় পৌঁছাতে পারবে। এ ছাড়া বডি ক্যামেরা আমরা কিনে দিচ্ছি। এতে কোনো কেন্দ্রে কী ঘটনা ঘটছে, সেটি জেলা থেকে দেখা যাবে? সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে।’

নির্বাচন কেন্দ্র করে কোনো অরাজকতার আশঙ্কা করছেন কি না এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অরাজকতা হবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল নয়। এ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। তারা নির্বাচনটা কীভাবে চাচ্ছেন এটি একটি বড় বিষয়। নির্বাচন কমিশন, প্রশাসন, এরপর হলাম আমরা। সবচেয়ে বড় বিষয় হলো জনগণ কীভাবে নিচ্ছে এটা। কারণ জনগণকে তো ভোটকেন্দ্রে যেতে হবে। ভোট তো তার।’

নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়টা কিন্তু আপনার ওপর আসবে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘দায়টা আসবে না। নির্বাচনটা ভালো হলে মানুষ আমার প্রশংসা করবে। কিন্তু আমাকে কেন দায়ী করবে। আমি এমন একটা নির্বাচন করতে চাচ্ছি, যাতে আপনারা প্রশংসা করেন। দেখা হলে যাতে বলেন, ভাই কেমন আছেন। আপনারা মুখ ঘুরিয়ে না নেন, এটাই আমি চাচ্ছি। নির্বাচন সুষ্ঠু না হলে আপনাদেরসহ (সাংবাদিক) একসঙ্গে কাঠগড়ায় দাঁড়াব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেন আনসার সদস্যরা। এবার আমরা প্রিসাইডিং অফিসারের সঙ্গেও হাতিয়ারসহ একজন আনসার দেব। অনেক সময় প্রিসাইডিং অফিসারকে আক্রমণ করতে যায়। এজন্য হাতিয়ারসহ তার জন্য একজন গার্ডের ব্যবস্থা আমরা করছি। তাকেও যাতে কেউ কোনো ধরনের কিছু না করতে পারে।’

তিনি আরও বলেন, ‘অন্য সময় ভোটে একটি কেন্দ্রে চারজন নারী আনসার সদস্য, ছয়জন পুরুষ আনসার সদস্য দেওয়া হয়। যাদের কাছে হাতিয়ার থাকে না। এ ছাড়া হাতিয়ারসহ আনসার দেওয়া হয় দুজন। এবার আমরা দুজনের স্থানে তিনজন আনসার দিচ্ছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে, বাকিদেরও ধরা হবে। জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই সঙ্গে অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত