ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, পাইপলাইনে ভোলার গ্যাস সরবরাহ, রেললাইন স্থাপন, ইপিজেড নির্মাণসহ অবকাঠামো, শিল্পায়ন ও পর্যটন উন্নয়নকে ঘিরে ২৭ দফা দাবিতে একযোগে মাঠে নেমেছে বরিশালবাসী। ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বরিশালের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের অবহেলার অবসান না হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। তারা বলেন, দেশের আট বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত বরিশাল। এখানে নেই পর্যাপ্ত কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা বেহাল আর বর্ষা এলেই নাকাল হতে হয় ভয়াবহ জলাবদ্ধতায়।
সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সঞ্চালনা করেন ডা. মিজানুর রহমান। এ সময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
পরে তারা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের কাছে স্মারকলিপি দেন।
২৭ দফার মধ্যে রয়েছে বরিশাল সিটির বাইপাস ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক, ঢাকা-বরিশাল ডুয়েল গেজ রেললাইন, বরিশাল-ভোলা সেতু, শাহবাজপুর গ্যাস সরবরাহ সম্প্রসারণ, পাথরঘাটা মৎস্য প্রক্রিয়াজাতকরণ জোন সংস্কার।
