খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামে একটি বসতবাড়িতে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন, মদিনাবাদ গ্রামের মো. সাজিদুল (৩০), মিনহাজুলসহ পাঁচজন।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কয়রা কন্টিনজেন্ট উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের গফুর গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় অপদ্রব্য পুশ করা ৫০ কেজি চিংড়ি মাছ, জেলি ও সিলিস জব্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দ করা মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ একটি মারাত্মক অপরাধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
