নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের বিল্ডিং ভাঙার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও দুইজনকে নেত্রকোনা হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা শহরের বিএডিসি সেচ অফিসে ভিতরে পরিত্যক্ত শেষ ভবন ভাঙার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেয়ালের নিচ থেকে তাদের উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ওই এলাকাবাসী বলেন, কয়েকদিন ধরে পুরাতন ভবনগুলো ভাঙার কাজ করছিল শ্রমিকরা। আজকে কাজ করার সময় হঠাৎ করে উপরের ছাদ ভেঙে পরে যায়। এত তিনজন ঘটনাস্থলেই মারা যান, বাকি দুজনকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।
মারা যাওয়া শ্রমিকরা হলেন— মো. দিপু মিয়া (৪০), মো. হান্নান মিয়া (৪০), মো. ছালাম মিয়া (৪০)।
নেত্রকোনা ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি পরিত্যক্ত ভবনের ভাঙার কাজ করছিলেন নয়জন শ্রমিক। একপর্যায়ে পুরো ভবন ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত এসে তিনজনকে দেয়াল ধসের নিচ থেকে উদ্ধার করি। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, তাদের একটি পরিত্যক্ত বিল্ডিং সভা করে কমিটির মাধ্যমে টেন্ডার দিয়েছে। এখন এটি ঠিকাদার ভেঙে নিবে। কিন্তু খবর পেলাম এটি ভাঙার সময় তিনজন শ্রমিক নিচে পড়ে মারা গেছেন। এটি ঠিকাদারের গাফলতির কারণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, ঢাকায় ছিলেন। খবর পেয়ে সেখান থেকে রওনা দিয়েছেন।
