হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ২

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১২:৩২ এএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও তার এক সহযোগীকে চাঁদার ৯০ হাজার টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।

গত বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করা হয়। অন্য একজন আটক মোনায়েম খান জামিলের সহযোগী। তিনি ছাত্রদলের কর্মী। আটকের পর সেনাবাহিনী তাদের গতকাল শুক্রবার সকাল ৭ টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে।

পুলিশ জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অরুপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটকে রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতা জামিল চৌধুরীসহ তার সহযোগীরা। বিষয়টি জানতে পারে সেনাবাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে চাঁদার ৯০ হাজার টাকাসহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদল কর্মী মোনায়েম খানকে আটক করা হয়। অভিযান টের পেয়ে তাদের সঙ্গে থাকা পানেল মিয়া, মো. রোকন ও নির্জন মিয়া পালিয়ে যান।

মাধবপুর থানার ওসি সহিদ উল্যা জানান, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করে। ৯০ হাজার টাকাসহ আটক ওই দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন, অরুপ চৌধুরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার ধরম-ল গ্রামে। তিনি কেন কালিকাপুরে এসেছিলেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত