খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকাল থেকে ব্যাংক বন্ধ ছিল। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের তালা কাটা অবস্থায় দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা রূপসা থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
ব্যাংক বন্ধ থাকায় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই সময় থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এগুলো খুঁটিনাটি বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাটির সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংকের নিরাপত্তার ঘাটতি থাকায় দুর্বৃত্তরা এ সুযোগ নেয়। ঘটনার রাতে ব্যাংকের কোনো প্রহরী দায়িত্বে ছিল না।
